Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মঞ্চে আসছে অপেরার নতুন নাটক 'ক্লোজেট ল্যান্ড'

নাট্যকার, নির্দেশক ও চলচ্চিত্র নির্মাতা রাধা ভরদ্বাজ এর লেখা ‘ক্লোজেট ল্যান্ড’ নাটকটি বাংলায় অনুবাদ করেছেন নাহিদ স্মৃতি এবং নির্দেশনা দিয়েছেন সাজ্জাদ সাব্বির

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১০:০৪ পিএম

ঢাকার মঞ্চে “ক্লোজেট ল্যান্ড” নামে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল “অপেরা”। নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে।

নাট্যকার, নির্দেশক ও চলচ্চিত্র নির্মাতা রাধা ভরদ্বাজ এর লেখা “ক্লোজেট ল্যান্ড” নাটকটি বাংলায় অনুবাদ করেছেন নাহিদ স্মৃতি এবং নির্দেশনা দিয়েছেন সাজ্জাদ সাব্বির।

নাটকের নির্দেশনার পাশাপাশি মঞ্চ, পোশাক ও আলোক পরিকল্পনাও করেছেন সাজ্জাদ সাব্বির। আলোক প্রক্ষেপণ নিসান সিয়াম। আবহ সংগীত পরিকল্পনা ও সংগ্রহ নাহিদ স্মৃতি এবং সম্পাদনা ও প্রয়োগ নীরব হোসেইন রাব্বি। দ্রব্য সামগ্রী ফারহানা আবিদা জামান অমৃতা ও নিসান সিয়াম। মঞ্চ ব্যবস্থাপনা তাসিন ইসলাম, ফারহানা আবিদা জামান, শাফায়েত হোসেন, নীরব হোসেইন রাব্বি। সার্বিক সহযোগিতায় মঞ্জুরুল আলম, শাহানাজ পারভীন শিখা, মাহি, তুষার তুষকি, মানিক মোল্লা, মোস্তাকিম ইসলাম সুইট, ইফতেখার রেজা শিখর, হিলাল শাহ, নাফিদ মোমেন মনি, নোমান প্রধান, রাজিন আহমেদ। প্রযোজনা অধিকর্তা মাহাবুব আলম শাহীন।

নির্দেশক সাব্বির বলেন, “অনেক দিন থেকেই অদ্ভুত এক নীরবতার সময় পার করছি আমরা। যেন সবাই ভয়ে নিশ্চুপ হয়ে আছি। ভয় অজানার, ভয় নতুনের, ভয় অপমানের, ভয় সুবিধা হারানোর। রাধা ভরদ্বাজ ‘ক্লোজেট ল্যান্ড’ নাটকের চরিত্রকে এমনই এক ভয়ের মুখোমুখি দাঁড় করিয়ে ভয়েরই বিরুদ্ধে একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করছেন।”

“নিজের আত্মপ্রহরতাকে (সেল্ফ সেন্সরশিপ) প্রশ্ন করার জন্য এই নাটকটি বেছে নেওয়া আমার কাছে যথোপযুক্ত মনে হয়েছে। যেখানে নাট্যকার ভীতি প্রদানকারীদের কদর্য মুখাবয়ব দ্ব্যর্থহীনভাবে তুলে এনেছেন, শিল্পের শর্ত ক্ষুন্ন না করেই।”

অপেরার দলপ্রধান মাহাবুব আলম শাহীন বলেন, “নাটকটি নিয়ে আমরা অনেকদিন থেকে ভাবছিলাম, নাট্যকারের অনুমতি ও রয়্যালটি সংক্রান্ত প্রক্রিয়ায় কিছুটা দেরি হয়ে গেলেও আগামী ১৫ই ডিসেম্বর সন্ধ্যা ৭টায় ‘এক্সপেরিমেন্টাল থিয়েটার’ হলে সাজ্জাদ সাব্বির ও নাহিদ স্মৃতি অভিনীত অপেরার ১৫তম প্রযোজনা ‘ক্লোজেট ল্যান্ড’ এর উদ্বোধনী প্রদর্শনী হতে যাচ্ছে। প্রযোজনাটি নিয়ে আমরা আশাবাদী।”

নাহিদ স্মৃতি ও সাজ্জাদ সাব্বির অভিনীত মাত্র দুই চরিত্রের নাটকটিতে উঠে এসেছে মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, শিশু নির্যাতন, ক্ষমতার অপব্যবহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়সমূহ।

   

About

Popular Links

x