Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা কলেজের সামনে সংঘর্ষে একজনের মৃত্যু

নিহতের কানের নিচে ও মুখের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৬:০৫ পিএম

রাজধানীর ঢাকা কলেজের বিপরীত পাশে সংঘর্ষে এক তরুণের (২৫) মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে তার নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

মঙ্গলবার (১৬ জুলাই) সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে তিনি আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

তিনি বলেন, “গুরুতর আহত অবস্থায় এক তরুণকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার কানের নিচে ও মুখের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।”

অজ্ঞাত ওই তরুণকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আকাশ মামুদ বলেন, “ঢাকা কলেজের বিপরীত পাশে পেট্রোল পাম্পের সামনে তাকে পড়ে থাকতে দেখি। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে আমরা ওই তরুণের নাম পরিচয় জানতে পারিনি।”

এদিকে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান এ আন্দোলনে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

   

About

Popular Links

x