Sunday, June 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইতা‌লি গমনেচ্ছুদের জন্য দুঃসংবাদ

২০ অক্টোবর থেকে পর্যায়ক্রমে পাসপোর্ট ফেরত দেবে দূতাবাস

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৮:৪৭ পিএম

বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের দেওয়া সব ধরনের “নুলা ওস্তা”র (কাজের অনুমোদন) বৈধতা যথাযথ যাচাইকরণ শেষ না হওয়া পর্যন্ত স্থগিত করেছে ইতালি সরকার।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঢাকার ইতালি দূতাবাস জানিয়েছে, অনেক বেশি পরিমাণে ভুয়া ও জাল কাগজপত্র জমা হওয়ার পরিপ্রেক্ষিতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

দূতাবাস জানিয়েছে, এ বছরের ১১ অক্টোবর জারি করা নতুন আইন অনুসারে, ইতালির প্রাদেশিক অভিবাসন অফিস (স্পোর্টেলো ইউনিকো- এসইউআই) থেকে স্থগিত নুলা ওস্তার যাচাইকরণ সম্পন্ন হওয়ার নিশ্চয়তা পাওয়ার পরেই কাজের ভিসা দেওয়া হবে।

যাচাইয়ের জন্য মূলতবি থাকা আবেদনকারীদের পাসপোর্ট ফেরত দেওয়া হবে বলেও ভিসার জন্য আবেদনকারী এবং অ্যাপয়েন্টমেন্ট প্রার্থীদের জানিয়েছে ইতালি দূতাবাস।

২০ অক্টোবর থেকে পর্যায়ক্রমে পাসপোর্ট ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হবে।

দূতাবাস জানিয়েছে, প্রত্যেক আবেদনকারীকে ভিএফএস গ্লোবালের মাধ্যমে একটি এসএমএস বা ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেবে যে তিনি কখন পাসপোর্ট ফেরত নিতে পারবেন।

দূতাবাস নুলা ওস্তার নিশ্চয়তা পাওয়ার সঙ্গে সঙ্গে প্রার্থীদেরকে পাসপোর্টটি ভিএফএস গ্লোবালের মাধ্যমে জমা দিয়ে ভিসা নিতে তাদের সঙ্গে আবার যোগাযোগ করবে।

কাজের ভিসার অ্যাপয়েন্টমেন্ট প্রার্থী যাদের নুলা ওস্তা নিশ্চিতকরণ পেয়েছে তাদের আবেদন জমা দেওয়ার জন্য ভিএফএস গ্লোবালের মাধ্যমে যোগাযোগ করা হবে।

নতুন ইস্যু করা নুলা ওস্তাপ্রাপ্তদের যোগাযোগের জন্য [email protected] ই-মেইলে লিখতে অনুরোধ করা হয়েছে।

আবেদনকারী, নিয়োগকর্তা এবং আইনজীবীদের তাদের কাজের যাচাইকরণ সম্পর্কিত দূতাবাস বা ভিএফএস গ্লোবালকে ই-মেইল পাঠানো এড়াতে বলা হয়েছে।

নুলা ওস্তাধারীরা তাদের নুলা ওস্তার যাচাইকরণ স্থিতির হালনাগাদের জন্য ইতালিতে তাদের সম্ভাব্য নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

ইতালির প্রভিন্সিয়াল ইমিগ্রেশন অফিস স্পোর্টেলো ইউনিকো- এসইউআই কর্তৃক যাচাই নিশ্চিতকরণ না হওয়া পর্যন্ত কর্ম অনুমোদনের মেয়াদ বলবৎ থাকবে।

অন্যান্য যেমন; ফ্যামিলি রিইউনিয়ন, স্টাডি, বিজনেস ও ট্যুরিস্ট ভিসা সংক্রান্ত আবেদন প্রক্রিয়া অপরিবর্তিত থাকবে।

   

About

Popular Links

x