Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

চীনা ভিসা আবেদন প্রক্রিয়া করা এজেন্সিগুলোর জন্য নতুন নিয়ম

বাংলাদেশি ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগে নতুন বিধিনিষেধ আরোপ চীনা দূতাবাসের

আপডেট : ২০ মে ২০২৬, ০৬:০৬ পিএম

চীনের ভিসা আবেদন প্রক্রিয়ার সঙ্গে জড়িত বাংলাদেশের কিছু ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাস।

নতুন নিয়ম অনুযায়ী, বাংলাদেশে যেসব ট্রাভেল এজেন্সি আবেদনকারীদের পক্ষে চীনা ভিসার আবেদন জমা দেবে, তাদের অবশ্যই ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) স্বীকৃতি থাকতে হবে।

সম্প্রতি দেওয়া এক নির্দেশনায় দূতাবাস জানিয়েছে, ভিসা আবেদনকারী এজেন্সিগুলোর সেবা উন্নত করতে আগামী ৫ জুলাই থেকে নতুন নিয়ম কার্যকর হবে।

এতে আরও বলা হয়, সম্প্রতি কিছু ভিসা আবেদনকারী এজেন্সির বিরুদ্ধে আবেদনপত্র ও কাগজপত্র জাল করা, ফি সংক্রান্ত তথ্য গোপন রাখা, চীনা ভিসা পাওয়া কঠিন বলে অতিরঞ্জিত প্রচার চালানোর অভিযোগ পাওয়া গেছে।

এছাড়া, আবেদন প্রক্রিয়া বিলম্বিত করা, ভুয়া তথ্য ছড়ানো এবং আবেদনকারীদের প্রতারণার মতো কর্মকাণ্ডের অভিযোগও পাওয়া গেছে। এসব কার্যক্রম চীনা ভিসা প্রক্রিয়াকে ব্যাহত করছে এবং আবেদনকারীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত করছে।

দূতাবাস আরও জানিয়েছে, কোনো এজেন্সিকে বিশেষ সুবিধা দেওয়া হয় না এবং কোনো প্রতিষ্ঠানের জন্য ভিসা যাচাই প্রক্রিয়াও শিথিল করা হয় না। অপেক্ষার সময় কমাতে আবেদনকারীদের সম্পূর্ণ ও সঠিক কাগজপত্রসহ সরাসরি চীনা ভিসা আবেদন কেন্দ্রের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

চীনা দূতাবাস জানিয়েছে, বাংলাদেশি নাগরিকদের জন্য দ্রুত ও মানসম্মত ভিসা সেবা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও বাংলাদেশ ও চীনের মধ্যে জনযোগাযোগ সহজ করতে নতুন পদক্ষেপ নেওয়া হবে।

একইসঙ্গে দূতাবাস স্পষ্ট করেছে, তারা কোনো প্রতিষ্ঠানকে একচ্ছত্র ভিসা এজেন্সি হিসেবে অনুমোদন, মনোনয়ন বা সুপারিশ করেনি এবং কোনো ভিসা সেবা প্রদানকারীর সঙ্গে অংশীদারিত্বও নেই। দূতাবাসের নাম ব্যবহার করে বাণিজ্যিক ভিসা কার্যক্রম পরিচালনার চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

   

About

Popular Links

x