Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্বরাষ্ট্রমন্ত্রী: অপরাধ ও অনুপ্রবেশের ক্ষেত্রে হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক না

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সংক্রান্ত এক  প্রশ্নের জবাবে মন্ত্রী এমন মন্তব্য করেন

আপডেট : ০২ জুন ২০২৬, ০৬:৪০ পিএম

ভারত-বাংলাদেশ সীমান্তে অপরাধ কর্মকাণ্ডে জড়িত বা অনুপ্রবেশের ক্ষেত্রে হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সংক্রান্ত এক  প্রশ্নের জবাবে মন্ত্রী এমন মন্তব্য করেন।

বিএসএফ ও বিজিবির ডিজি পর্যায়ের বৈঠকে কোন কোন বিষয়গুলো আপনারা তুলে ধরবেন, সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ডিজি পর্যায়ের যে মিটিংটা হবে, সেটা আমাদের সবসময়ের রেগুলার ফাংশন, প্রতিবছরই হয়। একবার এই সাইডে হয়, আরেকবার ওই সাইডে হয়।” 

এক্ষেত্রে বর্ডারের ইস্যুগুলো এড্রেস করা হবে, উভয়পক্ষের কি কি সমস্যা আছে এবং সমস্যাগুলো কীভাবে হয় সেসব বিষয়ে কথা হবে। সংশ্লিষ্ট সব বিষয় উত্থাপিত হবে, বলে জানান মন্ত্রী।  

সীমান্তে বাংলাদেশি হত্যার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আপনারা যেটাকে বর্ডার কিলিং (সীমান্ত হত্যা) বলছেন, সে সম্পর্কে যদি বিস্তারিত জানেন তাহলে খুশি হবো। যদি অন্য দেশের বাহিনী কর্তৃক আমাদের সীমান্তে অথবা জিরো লাইনে এসে কিলিং করে, সেটাকে আমরা বর্ডার কিলিং বলতে পারি। কিন্তু যদি আমাদের সীমানার অভ্যন্তরে এবং তাদের সীমানার অভ্যন্তরে কোনও রকমের কোনও অপরাধে কেউ জড়িত থাকে, যদি কেউ ইললিগ্যাল ট্রেসপাস (অনুপ্রবেশ) করে যায়, সেটা তারা (সীমান্তরক্ষী বাহিনী) কীভাবে অ্যাড্রেস করবে তা তাদের দেশীয় আইনের ওপর নির্ভর করে। এটাকে বর্ডার কিলিং বলা ঠিক হবে না।”  

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার দায়িত্ব নেওয়ার পর তারা ‘বাংলাদেশি’ নাম দিয়ে সীমান্তে বিপুল সংখ্যক মানুষকে জড়ো করছে, এ বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “আমরা এগুলো শুনতে পাচ্ছি, বর্ডারে আমাদের বিজিবি অ্যালার্ট আছে। আমরা যে কোনও রকমের ইললিগ্যাল পুশইন বা পুশব্যাকের বিপক্ষে।” 

   

About

Popular Links

x