Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

নতুন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা বিএনপির

ইসির শপথ নেওয়ার বিষয়টি বহিঃবিশ্বে ভালো বার্তা দেবে বলে মন্তব্য করেছেন তিনি

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৫৮ পিএম

নতুন নির্বাচন কমিশন গঠনকে ভালো পদক্ষেপ হিসেবে দেখছে বিএনপি। কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ”একটা সুষ্ঠু নির্বাচনের দিকে তারা যত দ্রুত সম্ভব এগিয়ে যাবে। সেটাই প্রত্যাশা থাকবে আগামী দিনে “

রবিবার (২৪ নভেম্বর) বিকেলে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “সবাই জানতে চাইছে নির্বাচনের রোডম্যাপ কী, কবে নির্বাচন হবে। দেশি-বিদেশি অংশীজনরা জানতে অপেক্ষা করছেন। আজ নতুন ইসির শপথ নেওয়ার পরিপ্রেক্ষিতে এ নিয়ে একটি ভালো বার্তা যাবে।”

তুরস্ক বাংলাদেশিদের জন্য চিকিৎসা ব্যবস্থাকে আরও সহজ এবং উৎসাহী করতে চায় বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য। একইসঙ্গে রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

তুরস্কের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় আছে উল্লেখ করে আমীর খসরু বলেন, “তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের টার্কিশ ভাষা নিয়ে কাজ করছে। আর ব্যবসা-বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে। তাদের এখন ১.২ বিলিয়নের মতো ব্যবসা হচ্ছে। এটাকে সামনে কীভাবে আরও বাড়ানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

   

About

Popular Links

x