বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “ভারত আমাদের স্বার্থে কখনই কাজ করেনি। বাংলাদেশ মরে যাক, ধ্বংস হোক; এতে তাদের কিছু আসে যায় না- এটি হচ্ছে দিল্লির ঘোষিত নীতি।”
শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “শেখ হাসিনা থাকলে তাদের অনৈতিক নীতি বাস্তবায়ন করতে কোনো বিঘ্ন হতো না। এ দেশের গণতন্ত্রমনা মানুষ, জাতীয়তাবাদী শক্তি তারা যেহেতু কিছুটা স্পেস পেয়েছে, গণতন্ত্র এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ এসেছে, বিশুদ্ধ বাতাস নিতে পারছ; এই জিনিসগুলো পার্শ্ববর্তী রাষ্ট্রের ভালো লাগছে না।”
রিজভী আরও বলেন, “বাংলাদেশ তার নিজস্ব মেরুদণ্ডের উপর ভর করে দাঁড়াক, তা কখনই পার্শ্ববর্তী রাষ্ট্র চায়নি। এজন্য তারা শেখ হাসিনার পতনকে কোনোভাবেই মেনে নিতে পারছে না। তাই তাদের অশ্বমেধ যজ্ঞ করার কিছু মানুষকে এদেশে পাঠিয়ে দিয়ে চক্রান্ত করছেন। তাদের জন্য তারা বিলাপ করছেন।”
চিম্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি ভারতের উলম্ব অভিযান বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির সিনিয়র এই নেতা বলেন, “এই জাতির সার্বভৌমত্ব, বিশেষ করে বায়ান্ন (১৯৫২) থেকে শুরু করে সবশেষ ২০২৪ এর ৫ আগস্ট পর্যন্ত যে অর্জনগুলো, সে অর্জনকে অবমাননা করা হচ্ছে। এটি কখনও এ দেশের জনগণ মেনে নিতে পারে না। তাদের আচরণ অত্যন্ত দুর্ভাগ্যজনক। বাংলাদেশের ভেতরে একটি ধর্মীয় সংগঠন ইসকনের ব্যানারে কী হচ্ছে, কারা করাচ্ছে?”



