Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কলকাতায় উপ-হাইকমিশনের সামনে বিক্ষোভ, নিন্দা জানালো ঢাকা

বিক্ষোভের ঘটনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের আহ্বান 

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০৮:১৮ পিএম

কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের সামনে সহিংস বিক্ষোভে বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (২৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে সরকারের উদ্বেগ ও নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের বাইরে “বঙ্গীয় হিন্দু জাগরণ” নামে কলকাতার একটি ধর্মীয় সংগঠন সহিংস বিক্ষোভের আয়োজন করেছিল। আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ হিংসাত্মক হয়ে ওঠে, বিক্ষোভকারীরা পুলিশ ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপ-হাইকমিশনের সীমানায় পৌঁছে যায়। এ ঘটনা গভীর উদ্বেগ প্রকাশ করে দেশটিতে কূটনীতিক এবং অ-কূটনৈতিক বাংলাদেশি কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানায় বাংলাদেশ সরকার।

বিজ্ঞপ্তিতে ঘটনার বিবরণ তুলে ধরে বলা হয়, বিক্ষোভকারীরা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন ধরিয়ে দেয় এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পুড়িয়ে দেয়।

এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে হচ্ছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, “তবে উপ-হাইকমিশনের সব সদস্যের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি বিরাজ করছে।”

বাংলাদেশ সরকার বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর তীব্র নিন্দা জানিয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে বাংলাদেশ সরকার ভারত সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ সরকার যে কোনো হিংসাত্মক কার্যকলাপের নিন্দা করে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন এবং ভারতে বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনগুলোর পাশাপাশি এর কূটনীতিক এবং অ-কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানায় সরকার।

   

About

Popular Links

x