Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সীমান্তের শূন্যরেখায় দেড় কিলোমিটার বেড়া দিয়েছে বিএসএফ

লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে আইন লঙ্ঘন করে শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়

আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১১:০৯ পিএম

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে আইন লঙ্ঘন করে শূন্যরেখা (নো ম্যান্স ল্যান্ড) বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় দহগ্রাম সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে বিপুল সংখ্যক ভারতীয় শ্রমিক দিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করে দেশটির সীমান্তরক্ষীরা। 

দহগ্রাম ইউনিয়ন পরিষদ সদস্য ফরিদুল ইসলাম ও ইউনুস আলী অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউনুস আলী বলেন, “দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার ৮-এর তিন ফিট দূরত্বে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে ভারত। যার দৈর্ঘ্য দেড় কিলোমিটার।”

তবে এ বিষয়ে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ৫১ বিজিবি কমান্ডারের নম্বরে কল করলেও রিসিভ করা হয়নি।

তবে ৫১ বিজিবির পানবাড়ি কোম্পানি কমান্ডার জামাল হোসেন বলেন, “ঘটনাস্থল থেকে দূরে আছি। অন্য কারও কাছ থেকে আপনাকে জানতে হবে।”

সীমান্তের বাসিন্দারা জানান, শুক্রবার বেলা ১১টার দিকে নিজেদের ভূখণ্ডের বাইরে এসে দহগ্রাম ও দহগ্রাম ক্লাব পাড়া এলাকার আন্তর্জাতিক পিলারের ৮ বাই ৪১ এস পিলারের অভ্যন্তরে শূন্যরেখা (নো ম্যান্স ল্যান্ড) বরাবর আকস্মিক ভাবে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে বিএসএফ। বিষয়টি নজরে এলে বিজিবি তাদের বাধা দেয়। এ সময় স্থানীয় কিছু মানুষ ওই সীমান্তে জড়ো হয়ে প্রতিবাদ শুরু করেন।

এ অবস্থায় সেখানে অতিরিক্ত বিজিবি মোতায়েন করে সতর্ক নজরদারি করা হচ্ছে। অপরদিকে ভারতের অংশেও অতিরিক্ত বিএসএফ মোতায়েন করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

জানা গেছে, আইন অনুযায়ী সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে ফসল চাষ ব্যতীত সীমান্তবর্তী কোনো দেশ তাদের সীমানায় বেড়া কিংবা স্থাপনা নির্মাণ করতে পারবে না। কিন্তু বিএসএফের সদস্যরা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে সীমান্তে স্থাপনা নির্মাণের চেষ্টা করেন, ঘটনা জানতে পেরে বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। পরে কাজ না করেই ফিরে যান বিএসএফের সদস্যরা। কিন্তু কিছুক্ষণ পরে আবারও বিএসএফের অধিক পরিমাণ সদস্যদেরকে নিয়ে এসে একপর্যায়ে বিপুল সংখ্যক শ্রমিক দিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করেন।

   

About

Popular Links

x