পাঠ্যপুস্তকে “আদিবাসী” শব্দসংবলিত গ্রাফিতি রাখা ও না রাখা নিয়ে দুই পক্ষের বিক্ষোভ কর্মসূচির চলাকালে মারামারির ঘটনা ঘটেছে। এতে সাংবাদিক, নারীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। এছাড়াও বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
ঢাকার মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে এ ঘটনা ঘটে।
বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় শহিদ মিনারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, পাঠ্যপুস্তকে “আদিবাসী” শব্দ প্রবেশ এবং জুলাই গণ-অভ্যুত্থানবিরোধী অখণ্ড ভারতের কল্পিত গ্রাফিতি সংযোজনের সঙ্গে জড়িতদের শাস্তিসহ ৫ দফা দাবিতে “স্টুডেন্ট ফর সভরেন্টি” নামের একটি সংগঠন বুধবার সকালে এনসিটিবি ভবন ঘেরাও করে।
একইদিনে “সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা”র ব্যানারে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একদল লোক পাঠ্যবইয়ে গ্রাফিতিটি পুনর্বহালের দাবিতে এনসিটিবির সামনে কর্মসূচি পালন করতে যায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের বিক্ষোভ মিছিলের পোস্টারে উল্লেখ করে, “জাতিগত বিভাজন জিইয়ে রাখার অপচেষ্টা ও এনসিটিবির সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যাসহ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপরে ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল।”



পাঠ্যবইয়ে ‘আদিবাসী’ গ্রাফিতি: এনসিটিবির সামনে দুই পক্ষের কর্মসূচিতে মারামারি