Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

তিতুমীর কলেজ শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, সড়ক-রেলপথ অবরোধের হুঁশিয়ারি

কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের প্লাটফর্ম ‘তিতুমীর ঐক্য’ সভা করে এসব তথ্য জানায়

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০৯:৫৪ এএম

ঢাকার সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো গঠনের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি না মানা হলে বৃহস্পতিবার থেকে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন তারা।

সোমবার (২৭ জানুয়ারি) রাতে সভা করে এসব সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের সংগঠন “তিতুমীর ঐক্য”।

অবরোধের পাশাপাশি মঙ্গলবার থেকে ক্লাস-পরীক্ষা বন্ধ করে “শাটডাউন তিতুমীর” কর্মসূচি পালনের ঘোষণাও দেন তারা।

আন্দোলনকারী তিতুমীর কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আমিনুল ইসলাম সোমবরার রাত ১টায় অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সাত কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি বাতিল করা হয়েছে। এতে কলেজগুলো অভিভাবকহীনতায় পড়েছে। তবে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আমরা অনড় রয়েছি।”

তিনি আরও বলেন, “আমরা ৪৮ ঘণ্টা সময় দিয়েছি সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো গঠন করতে। এ সময়ের মধ্যে ভিসি-প্রোভিসি নিয়োগ দিয়ে প্রশাসনিক কাঠামো গঠন করা না হলে ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) বারাসাত টু মহাখালী বেরিকেড বা মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করব। আর তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়া পর্যন্ত মঙ্গলবার থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে শাটডাউন তিতুমীর কর্মসূচি পালন করব।”

এর আগে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে গত ৭ জানুয়ারি কলেজের প্রধান ফটকে “তিতুমীর বিশ্ববিদ্যালয়” লেখা ব্যানার টানিয়ে দেন আন্দোলনকারীরা।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে ৫ সদস্যের একটি কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। তবে ওই কমিটি যথাযথভাবে কাজ করছে না বলে অভিযোগ রয়েছে শিক্ষার্থীদের।

   

About

Popular Links

x