বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে খালপাড় এলাকার একটি ভবনের নিচতলা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত উচ্ছ্বাস কর্মকার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাসা খুলনার পাইকগাছা উপজেলায়।
জানা গেছে, তিনতলা ভবনের নিচতলার একটি কক্ষে থাকতেন উচ্ছ্বাস। সেখান থেকে তীব্র দুর্গন্ধ বের হলে মেসটির অন্য বাসিন্দাদের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে বন্দর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকে। এসময় তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে তারা।
বন্দর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, মরদেহের অবস্থা দেখে, অন্তত দুই দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি আত্মহত্যা কি না, সেটিও তদন্তের পর নিশ্চিত হওয়া সম্ভব।
এর আগে এ বছর ৪ জানুয়ারি শুভ বৈরাগী নামে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আরেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছিল।



