Saturday, September 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

মেসির অটোগ্রাফ চেয়ে শাস্তি পেলেন রেফারি

অবশ্য রেফারি তার ভুল স্বীকার করে ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন এবং কনক্যাকাফের শাস্তি মেনে নিয়েছেন

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২০ পিএম

যুক্তরাষ্ট্রের মিজুরি অঙ্গরাজ্যের বৃহত্তম শহর কানসাস সিটির চিলড্রেন মার্কি পার্কে কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপে রাউন্ড ওয়ানের প্রথম লেগে স্পোর্টিং কানসাস সিটিকে ১-০ গোলে হারিয়েছে মায়ামি। গোলটি করেছেন মায়ামির আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ম্যাচ শেষে মেসির কাছে তার জার্সি চেয়েছিল সেই ম্যাচের রেফারি মার্কো আন্তনিও। তীব্র ঠান্ডা থাকায় মেসি মাঠে জার্সি না খুলে ড্রেসিংরুমে গিয়ে রেফারির হাতে তুলে দেন। আপাতদৃষ্টিতে বিষয়টি স্বাভাবিক মনে হলেও একজন রেফারির এমন কর্মকাণ্ড নিয়ম বহির্ভূত বলে জানিয়েছে কনক্যাকাফ কর্তৃপক্ষ।

প্রথমে জার্সি চেয়েছিল জানা গেলেও পরে জানা যায় যে মেসির নিকট অটোগ্রাফ চেয়েছিলেন এই মেক্সিকান রেফারি। তবে এমন কাজ করে রেফারি কনফেডারেশনসের বিধিমালায় ম্যাচ অফিশিয়ালদের যে আচরণবিধি তা লঙ্ঘন হয়েছে বলে মনে করে কনক্যাকাফ কর্তৃপক্ষ। আর এই কারণেই শাস্তি পেতে হয়েছে এই রেফারিকে। তবে কী শাস্তি দেওয়া হয়েছে তা জানায়নি কনক্যাকাফ কর্তৃপক্ষ।

অবশ্য রেফারি তার ভুল স্বীকার করে ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন এবং কনক্যাকাফের শাস্তি মেনে নিয়েছেন।

ক্রীড়া বিষয়ক গণমাধ্যম ইএসপিএনও এক প্রতিবেদনে জানায়, পরিবারের বিশেষ চাহিদাসম্পন্ন এক সদস্যের জন্য মেসির জার্সি নয়, তার অটোগ্রাফ চেয়েছিলেন রেফারি মার্কো আন্তনিও। আর এতেই তিনি কনক্যাকাফ অফিশিয়ালদের আচরণবিধি ভাঙার অভিযোগে অভিযুক্ত হয়েছেন।

এই বিষয়ে স্পোর্টিং কানসাস সিটির পক্ষ থেকে বলা হয়, তারা এই ঘটনা মেজর লিগ সকার (এমএলএস) ও কনক্যাকাফ কর্তৃপক্ষকে জানিয়েছে। দলটির পক্ষ থেকে বলা হয়, ‘‘ইন্টার মায়ামির সঙ্গে ম্যাচ শেষে ঘটনাটি আমরা এমএলএস ও কনক্যাকাফকে জানিয়েছি। ঘটনাটি আমলে নিয়ে কনক্যাকাফ কী ব্যবস্থা নেয়, আমরা তা দেখার অপেক্ষায় আছি।’’

 

   

About

Popular Links

x