Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সিইসি: নির্বাচনে ইসি থাকবে রেফারির ভূমিকায়

তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে ইসি বদ্ধপরিকর

আপডেট : ১৫ জুন ২০২৫, ০২:২১ পিএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ইসি নির্বাচনে রেফারির ভূমিকায় থাকবে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে ইসি বদ্ধপরিকর।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

রবিবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে ঈদপরবর্তী মত বিনিময় সভায় সিইসি এ কথা বলেন। এ সময় তিনি কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা দেন।

সিইসি বলেন, “আমরা রেফারির ভূমিকায়, আমরা রেফারির মতো কাজ করব। যারা খেলবে খেলুক, যারা জিতবে জিতুক। কিন্তু আমাদের দায়িত্ব হবে একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেওয়া। সেটা করার জন্য আমরা বদ্ধপরিকর।”

নির্বাচন সংক্রান্ত কাজ এগিয়ে নিতে ইসির ভূমিকা নিয়ে সিইসি বলেন, “অনেকগুলো আমরা এগিয়ে নিয়ে গেছি, যত কাজ বাকি আছে তা সবাইকে মিলে করতে হবে। আজকে মত বিনিময় সভায় আপনাদের হাজির করলাম, আমাদের শপথ হবে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়া।”

এ সময়ে একটা ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দিতে চান বলেও জানিয়েছেন সিইসি।

কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, “আজকের শপথ হবে নিরপেক্ষভাবে কাজ করার, কোনো দলের জন্য লেজুড়বৃত্তি না করার, আইন অনুযায়ী কাজ করার ও ন্যায়সঙ্গতভাবে কাজ করার।”

তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিশ্বনেতাদের বলছেন, ‘আমরা একটা ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দিতে চাই।’ ইসির ওপর আস্থা আছে বলেই প্রধান উপদেষ্টা এমন ঘোষণা দিয়েছেন।”

মত বিনিময় সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ইসি সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বললেও সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি হলে ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগেও ভোট হতে পারে বলে মত দিয়েছেন।

গত ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর যৌথ ঘোষণায় নির্বাচন এগিয়ে আসার বিষয়টি জানানো হয়েছে।

   

About

Popular Links

x