বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। বাঙালির ঘরে ইলিশের কদর সসময়ই একটু বেশি। তবে কোন ইলিশ বেশি সুস্বাদু হবে, কোন ইলিশ নদীর কিংবা সমুদ্রের এসব নিয়ে চিন্তায় থাকেন কম বেশি সবাই। ইলিশ যদি খাঁটি না হয় তবে খেতে বসে মনটাই খারাপ হয়ে যায়।
সমুদ্রের হিমায়িত ইলিশ আর নদীর তাজা ইলিশের স্বাদ আলাদা। তবে বাজারে গিয়ে সমুদ্রের হিমায়িত ইলিশ আর নদীর টাটকা ইলিশ অনেকেই চিনতে পারেন না।
অন্যদিকে, ইলিশের মতোই দেখতে সার্ডিন বা চন্দনা ইলিশ মাছ। তবে ইলিশের মতো এত স্বাদের হয় না এই মাছ। অসাধু ব্যবসায়ীরা সার্ডিনকে ইলিশ বলে চালিয়ে দেয় প্রায়ই।
নদীর তাজা ও আসল ইলিশ চেনার সহজ উপায়
- রং হবে রূপালি: নদীর টাটকা ইলিশ বিশেষ করে পদ্মা আর মেঘনার ইলিশের রং উজ্জ্বল রূপালি। অন্যদিকে হিমায়িত সমুদ্রের ইলিশের রং অনুজ্জ্বল, ফ্যাকাশে ধরনের।
- চোখ হবে স্বচ্ছ: টাটকা ইলিশের চোখ স্বচ্ছ আর উজ্জ্বল হয়। হিমঘরে রাখা ইলিশের চোখ ভেতরের দিকে ঢুকে থাকে। আর ঘোলাটে হয়।
- মাছ হবে গোলাকৃতির: পদ্মা-মেঘনায় যেসব ইলিশ পাওয়া যায় তা হয় অনেকটা গোলাকার। অর্থাৎ মাছের পেটের অংশ হয় মোটা আর চওড়া। কিন্তু সমুদ্রের ইলিশের পেটের দিকটা সরু হয়।
- কানকো হবে টকটকে লাল রংয়ের: ইলিশ কেনার আগে অবশ্যই মাছের কানকো ভালো করে দেখে নেওয়া উচিত। টাটকা ইলিশের কানকো হয় টকটকে লাল রঙের। আর হিমায়িত বাসি ইলিশ হলে কানকো হবে বাদামি বা কালচে রঙের।
- ইলিশ হবে শক্ত: টাটকা ইলিশ শক্ত থাকে। অনেক সময় বাজারে দেখা যায়, ইলিশ মাছ বাঁকা হয়ে আছে। এটাই হলো সদ্য ধরা ইলিশের সবচেয়ে বড় লক্ষণ। টাটকা ইলিশ হাত দিয়ে উঁচু করে ধরলেও আকারের পরিবর্তন হবে না। অন্যদিকে হিমায়িত বাসি ইলিশ নরম হয়ে যাবে। হাতে দিয়ে পেটের কাছে ধরলেই মাথা ও লেজ নিচের দিকে হেলে পড়বে।
ইলিশ নাকি চন্দনা ইলিশ; চিনবেন যেভাবে
- ইলিশের পেট এবং পিঠ উভয় অংশই সমান বাঁকানো হয়। কিন্তু সার্ডিনের পেটের অংশ পিঠের অংশ থেকে বেশি বাঁকানো থাকে।
- সার্ডিন বা চন্দনা ইলিশের চাইতে আসল ইলিশ আকারে বেশ বড় হয়। সাত সেন্টিমিটার থেকে বিশ সেন্টিমিটার পর্যন্ত হয় সার্ডিনের দৈর্ঘ্য। অন্যদিকে ইলিশ ৭৫ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে।
- সার্ডিনের মাথার আকৃতি ছোট ও অগ্রভাগ ভোতা। ইলিশের মাথার আকৃতি লম্বাটে ও অগ্রভাগ সূচালো।
- ইলিশ নাকের কাছে নিলে ইলশে গন্ধ পাবেন, কিন্তু সার্ডিনে পাবেন না।
- সার্ডিনের চোখের আকৃতি আসল ইলিশের চোখের আকৃতির চাইতে বড়।
- সার্ডিনের পৃষ্ঠীয় পাখনার অগ্রভাগে এবং পুচ্ছ পাখনার কিনারা ঘোলাটে। ইলিশের পৃষ্ঠীয় পাখনার অগ্রভাগে এবং পুচ্ছ পাখনার কিনারা অনেকটা সাদাটে।



জেনে রাখুন সুস্বাদু ১০ জাতের আম চেনার উপায়