বরগুনার আমতলীতে জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তির শোভাযাত্রা শেষে বাড়ি ফেরার পথে রেজাউল করিম (৪০) নামের এক ব্যক্তি বাসচাপায় নিহত হয়েছেন। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ঘটখালী গ্যাসপাম্প–সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল করিম উপজেলার ডালাচারা এলাকার বাসিন্দা। তিনি আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার শিক্ষক ছিলেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছলেন।
দুর্ঘটনার পর ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা তার মরদেহ নিয়ে বরিশাল-কুয়াকাটা সড়কের ঘটখালী এলাকায় সড়ক অবরোধ করেন। এতে সড়কটির প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে ঘাতক বাস আটকের খবর পেয়ে রাত ৯টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গণ-অভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে গতকাল মঙ্গলবার শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করেন ইসলামী আন্দোলনের আমতলী শাখার নেতা-কর্মীরা। সন্ধ্যার আগে এই কর্মসূচি শেষ হয়। সেখান থেকে নিহত রেজাউল মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এসময় তার সঙ্গে আবদুল হক নামের এক ব্যক্তি ছিলেন। পথে মোটরসাইকেলটিকে বিপরীত দিক থেকে আসা কুয়াকাটাগামী ছন্দা পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রেজাউল নিহত হন।
ঘটনা প্রসঙ্গে ইসলামী আন্দোলনের আমতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক জেহাদী বলেন, ‘‘ঘাতক বাসচালকের কঠোর শাস্তি দাবি করছি আমরা।’’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ‘‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”