চট্টগ্রামের পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেসরকারি বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির অন্তত ২৮ শিক্ষার্থী আহত হয়েছেন।
বুধবার (৬ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীবাহী বাসটি মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামগামী একটি হানিফ বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুই বাসের অন্তত ২৮ জন যাত্রী আহত হন।
ঘটনা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ সালাউদ্দিন শাহরিয়ার সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, ‘‘সকালে চট্টগ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের ৩০ থেকে ৩৫ শিক্ষার্থী নিয়ে তাদের নিজস্ব বাসটি ক্যাম্পাসে আসার পথে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।”
পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। বাস দুটি হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর থেকে দুটি বাসের চালকই পলাতক।”



