ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী আরিয়ান জামান ও সাগর কুমার ঘোষের পক্ষে আইনজীবী শাহ আলম অভি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।

রিটে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য গত ২৮ জুলাই দেওয়া বিজ্ঞপ্তিটি অবৈধ ও বাতিল ঘোষণা করার আবেদন জানানো হয়েছে।

এতে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক ও সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষকে বিবাদী করা হয়েছে।

রিটকারীদের আইনজীবী শাহ আলম অভি জানান, আগামী ১০ আগস্ট বিচারপতি ফাতেমা নজীবের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।

তিনি বলেন, “বিদ্যমান অবকাঠামো অনুযায়ী সরকারি তিতুমীর কলেজে গত শিক্ষাবর্ষে স্নাতক (অনার্স) প্রথমবর্ষে ৫,৪২৭ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী তিতুমীর কলেজের জন্য মাত্র ১,৫১০টি আসন বরাদ্দ রাখা হয়েছে। একই অবকাঠামোতে আগে যেখানে ৫,৪২৭ জন শিক্ষার্থী ভর্তি করা হতো, বিশ্ববিদ্যালয় হওয়ার পর এখন সেই অবকাঠামোতে মাত্র ১,৫১০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ রাখাটা বৈষম্যমূলক।”

আইনজীবী আরও বলেন, “এ কারণে তিতুমীর কলেজের দুজন শিক্ষার্থী এই ভর্তি বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেছেন। বিচারপতি ফাতেমা নজীবের হাইকোর্ট বেঞ্চ থেকে আবেদনটির ওপর শুনানি করার জন্য অনুমতি নেওয়া হয়েছে।”

প্রসঙ্গত, গত ২৮ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ আগস্ট দুপুর ১২টা থেকে ১০ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবেন। ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। দ্বিতীয়বার পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।