সাতক্ষীরা কারাগারের তালা ভেঙে ৫ আগস্ট পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার

সাতক্ষীরা জেলা কারাগারের তালা ভেঙে গত বছরের ৫ আগস্ট পালিয়ে যাওয়া ১১ মামলার আসামি সাইফুল ইসলামকে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনি সাতক্ষীরা পৌরসভার ইটাগাছা এলাকার বাসিন্দা।

বুধবার (২০ আগস্ট) দুপুরে সাতক্ষীরা পৌরসভার চালতেতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাতক্ষীরা র‌্যাবের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রেজাউল করিম বুধবার সন্ধ্যায় জানান, প্রাথমিক তথ্যানুসন্ধ্যানে জানা যায়, সাইফুল অস্ত্র, বিস্ফোরক, নারী ও শিশু নির্যাতনসহ ১১টি মামলার আসামি হিসেবে সাতক্ষীরা জেলা কারাগারে অন্তরীণ ছিলেন।

তিনি গত বছরের ৫ আগস্ট সন্ধ্যায় গেটের তালা ভেঙে কারাগার থেকে বের হন। পরে তার জেলসহচরদের সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে পেট্রল বোমা ও ককটেল নিক্ষেপ করে জেলা কারাগার জ্বালিয়ে দিয়ে ব্যাপক ক্ষতিসাধন করেন।

এছাড়া, কারাগারের জিনিসপত্র লুটপাট করে পলাতক ছিলেন। ইতোমধ্যে তার বিরুদ্ধে বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে।

সাইফুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান ক্যাম্প কমান্ডার।