কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুইপক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। এছাড়া আরও একজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। এ ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২২ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই পুরান বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত যুবক মো. হিমেল (২৪) ওই এলাকার হাবিবুর রহমান হবির ছেলে। তিনি এলাকার যুবদল নেতা রাজনের অনুসারী ছিলেন।
এদিকে, হিমেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিকেলে রাজনের পক্ষের লোকজন প্রতিপক্ষ এমদাদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয়রা জানান, জেলা যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলী আব্বাস রাজন এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক এমদাদের পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তাদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব ছিল।
তারা আরও জানান, দুইপক্ষের মধ্যে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। আহত ব্যক্তিদের কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “দুইপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে।”