জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বহিষ্কৃত শিক্ষক ও শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুর রহমান ওরফে জনিকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে সাভারের ব্যাংক টাউন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, ‘‘সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় একটি হত্যার ঘটনায় করা মামলায় মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মাহমুদুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি সহকারী প্রক্টরের দায়িত্বও পালন করেছেন। ২০২৩ সালে নৈতিক স্খলনের দায়ে তাকে বরখাস্ত করা হয়। তিনি ছাত্রজীবনে ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে জনিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।