টাঙ্গাইলে রাস্তার পাশে পড়েছিল নবজাতক শিশু

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় রাস্তার পাশের ঝোপঝাড় থেকে জীবিত অবস্থায় একটি নবজাতককে উদ্ধার করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বারোমন্ডলের চালা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা আব্দুর ছালাম জানান, ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি হঠাৎ একটি শিশুর কান্নার শব্দ শুনতে পান। কৌতূহলী হয়ে শব্দের উৎসের দিকে এগিয়ে গিয়ে রাস্তার পাশের ঝোপের ভেতরে নবজাতকটিকে পড়ে থাকতে দেখেন। পরে আশপাশের লোকজনকে খবর দিলে তাদের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করা হয়।

উদ্ধারের সময় শিশুটির শরীরে কোনো কাপড় ছিল না, কেবল একটি পাতলা কাঁথায় মোড়ানো ছিল। রাতভর খোলা জায়গায় পড়ে থাকার কারণে শিশুটি ঠাণ্ডাজনিত সমস্যা ও শ্বাসকষ্টে ভুগছিল।

পরে দ্রুত তাকে সখীপুর মা ও শিশু ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক ডা. শামসুল আলমের তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতির জন্য পরবর্তীতে শিশুটিকে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন জানান, আপাতত শিশুটি এলাকার এক নিঃসন্তান দম্পতি ইব্রাহিম ও নার্গিসের তত্ত্বাবধানে রয়েছে। তারা শিশুটিকে লালন-পালনের আগ্রহ প্রকাশ করেছেন।

সখীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ বলেন, “ঘটনাটি তাদের নজরে এসেছে এবং শিশুটির চিকিৎসা চলছে। সম্পূর্ণ সুস্থ হলে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।“