খাগড়াছড়ির সদর উপজেলায় বিপন্ন একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে সদরের আপার পেরাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের বটগাছ থেকে বানরটিকে উদ্ধার করা হয়।
প্রথমে বানরটিকে দেখতে পান অবসরপ্রাপ্ত সেনাসদস্য বিনয় চাকমা। পরে তিনি বানরটিকে উদ্ধার করে খাগড়াছড়ি বনবিভাগকে খবর দেন।
এ বিষয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্য বিনয় চাকমা জানান, তিনি সকালে হাঁটতে গিয়ে স্কুলমাঠের বটগাছে লজ্জাবতী বানরটিকে দেখতে পান, বানরটিকে কেউ হত্যা করতে পারে বা কুকুরও কামড়ে মেরে ফেলে পারে এটা ভেবে তিনি বন বিভাগকে খবর দেন।
আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ বা আইইউসিএনের লাল তালিকায় লজ্জাবতী বানরকে রাখা হয়েছে ‘বিপন্ন’ ক্যাটাগরিতে। এর মানে হল, এই প্রাণীটি প্রকৃতি থেকে যেকোনো সময় বিলুপ্ত হয়ে যেতে পারে।
এ বিষয়ে খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা বলেন, “প্রকৃতি ও বন্যপ্রাণী অঙ্গাঅঙ্গিভাবে জড়িত, যেখানে বন্যপ্রাণী থাকবে গাছপালা থাকবে, সেখানে পরিবেশ ভালো থাকবে। খাগড়াছড়িতে অনেক বন্যপ্রাণী আছে, তবে লজ্জাবতী বানরখথা খুব দুর্লভ, এটা লোকালয়ে চলে এসেছে।”
তিনি আরও জানান, একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ওই বানরটিকে উদ্ধার করে তাদের খবর দেন। প্রাণীটিকে যাতে কেউ বিরক্ত না করে, এ কারণে প্রাণীটিকে বনে অবমুক্ত করা হবে।