Saturday, September 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

আবারও সাজেকগামী যানবাহনের ভাড়া বৃদ্ধি, কার্যকর আজই

৫ মাসে দ্বিতীয় দফায় বাড়ল খাগড়াছড়ি-সাজেক রুটসহ সব পর্যটন বাহনের ভাড়া

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পিএম

খাগড়াছড়ি থেকে সাজেকগামী পর্যটনবাহী সাফারি, জিপ ও পিকআপের ভাড়া গাড়িপ্রতি ৫০০ টাকা এবং মাহিন্দ্রা সিএনজির ভাড়া ২০০ টাকা বাড়ানো হয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও পরিবহন পরিচালনা ব্যয় বৃদ্ধির কারণ দেখিয়ে পুনর্নির্ধারিত এই ভাড়া আজ শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) খাগড়াছড়ি-সাজেক রুটের পরিবহন সমিতি ও কাউন্টার সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

খাগড়াছড়ি সাজেক কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফ জানান, “শুক্রবার সকাল থেকেই খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশে ছেড়ে যাওয়া সব গাড়ি নতুন নির্ধারিত ভাড়ায় যাত্রী পরিবহন করছে।” চলতি বছরে এ নিয়ে দ্বিতীয় দফায় সাজেকগামী যানবাহনের ভাড়া বাড়ানো হলো; এর আগে গত মে মাসে এক দফায় ১ হাজার টাকা ভাড়া বৃদ্ধি করা হয়েছিল।

নতুন ভাড়ার তালিকা অনুযায়ী, খাগড়াছড়ি থেকে সকালে সাজেক গিয়ে বিকেলে ফেরার ক্ষেত্রে জিপ/পিকআপের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯ হাজার টাকা। এক রাত যাপনসহ যাতায়াতে ১০ হাজার ৫০০ টাকা এবং এক রাত অবস্থানসহ বিভিন্ন পর্যটন স্পট ঘোরার প্যাকেজ ভাড়া ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছে। এ ছাড়া দুই রাত যাপনে ১৩ হাজার ৫০০ টাকা এবং দুই রাত যাপনসহ পুরো স্পট ঘোরার প্যাকেজ ভাড়া ১৫ হাজার টাকা ধরা হয়েছে।

পাশাপাশি খাগড়াছড়ির স্থানীয় আলুটিলা, রিছাং ঝর্ণা ও ঝুলন্ত ব্রিজ ঘোরার দিনে দিনে ফেরার ভাড়া ৭ হাজার ৫০০ টাকা এবং রাঙামাটি যাতায়াতের ভাড়া ৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বান্দরবান যাতায়াতের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৫০০ টাকা। সর্বোচ্চ ১২ জন যাত্রী বহনে সক্ষম একটি গাড়ির জন্য এই নতুন হার প্রযোজ্য হবে।

ভাড়া সমন্বয়ের বিষয়ে খাগড়াছড়ি সড়ক পরিবহন জীপ মালিক সমিতির অর্থ সম্পাদক মো. মাসুম পারভেজ জানিয়েছেন, “জ্বালানি তেলের বাড়তি দামের সঙ্গে সামঞ্জস্য রেখে সব সমিতির প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

   

About

Popular Links

x