ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৮ মে) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মো. আইয়ুব আলীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে জরুরি বিভাগের পেছনের ওয়েটিং রুমের পাশ থেকে ওই নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে ওই নারীর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।"

পরিদর্শক ফারুক আরও জানান, মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) জানানো হয়েছে এবং প্রযুক্তির সহায়তায় তার পরিচয় জানার চেষ্টা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকেও অবহিত করা হয়েছে।