মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বাইক্কা বিল হাইল হাওড় এলাকা থেকে ভাসমান অবস্থায় মাহমুদ বকস্ (৩০) নামের এক মৎস্যজীবির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (১৩ মে) সন্ধ্যার পর উপজেলার কালাপুর ইউনিয়নের রাজাপুর এলাকা থেকে মরদেটি উদ্ধার করা হয়। তিনি শহরতলীর নোয়াগাঁও এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজাপুর এলাকায় প্রাণ কোম্পানীর হ্যাচারী সংলগ্ন জলাশয়ে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম মুন্না বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লোকটি মঙ্গলবার রাতে কোন এক সময় মাছ ধরার সরঞ্জাম নিয়ে হাইল হাওড়ে গিয়ে আর ফিরে আসেননি বলে জানায় নিহতের পরিবার। ধারণা করা হচ্ছে, হয়ত পা পিছলে তিনি পানিতে পড়ে আর উঠতে পারেনি। মরদেহ উদ্ধারের সময়ও মাছ ধরার সরঞ্জাম পাওয়া গেছে। তারপরও এঘটনায় রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।“