বিশ্বজুড়ে ভাইরাল হওয়া মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে রাজকীয়ভাবে বিদায় জানানো হয়েছে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে মহিষটিকে লাল গালিচায় সংবর্ধনা দিয়েছে রাবেয়া অ্যাগ্রো ফার্ম।
সোমবার (২৫ মে) বিকেলে নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্ম থেকে মহিষটিকে ক্রেতার কাছে হস্তান্তর করা হয়। পরে ডোনাল্ড ট্রাম্পকে ঢাকায় নিয়ে যান ক্রেতা ও তার লোকজন।
যদিও ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ইতোমধ্যে দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক সংবাদ প্রকাশ হলে তা বিশ্বজুড়ে ভাইরাল হয়। এর ফলে মহিষ ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল দেখতে আসার খবর ছড়িয়ে পড়লে প্রায় দেড় সপ্তাহ আগে নানা মিথ্যাচার করে ভুল তথ্য দেন রাবেয়া অ্যাগ্রো ফার্মের জিয়া উদ্দিন মৃধা।
জানা গেছে, সোমবার দুপুর থেকে রাবেয়া অ্যাগ্রো ফার্মের খামারীরা এলভিনো জাতের মহিষ ডোনাল্ড ট্রাম্পকে গোসল করিয়ে বিদায় জানানোর প্রস্তুতি নেয়। পরে মহিষ ডোনাল্ড ট্রাম্পকে রাজকীয় পোশাক পরিয়ে হরেক রংয়ের কালার স্মোক উড়িয়ে লাল গালিচায় হাটিয়ে বিদায় জানানো হয়।
এ সময় মহিষটিকে নিয়ে স্লোগান দিয়ে খামারের কর্মচারী ও রাখালেরা বলেন, ডোনাল্ড সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম। এসময় উপস্থিত ফার্মের মালিকপক্ষ ও লোকজন ডোনাল্ড ট্রাম্পকে বিদায় জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
এ বিষয়ে রাবেয়া অ্যাগ্রো ফার্মের মালিক জিয়া উদ্দিন মৃধা বলেন, “ডোনাল্ড ট্রাম্প ক্রেতার কাছে চলে যাচ্ছে। মহিষ ডোনাল্ড ট্রাম্পকে এতোদিন লালন-পালন করার ফলে স্বাভাবিকভাবে একটু খারাপ লাগছে। তবে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি হবে- এটাই সবচেয়ে বড় পাওয়া।”
রাজধানীর জিনজিরা এলাকার বাসিন্দা ও ডোনাল্ড ট্রাম্পের ক্রেতা সামির বলেন, “আমার কেনা কোরবানির পশু এভাবে ভাইরাল হয়ে যাবে এটা কল্পনাও করিনি। বিশ্বজুড়ে এর খবর ছড়িয়ে পড়েছে। এ জন্য এলাকাবাসী সবাই অপেক্ষা করছে ট্রাম্পের জন্য।”
এদিকে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে দেশের প্রায় সব সংবাদমাধ্যমে খবর প্রকাশ হলে তা ভাইরাল হয়। এরপর থেকে নারায়ণগঞ্জের রাবেয়া অ্যাগ্রো ফামে মহিষটিকে দেখতে দূর দূরান্ত থেকে ভিড় করে বিভিন্ন শ্রেণির মানুষজন।