স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’

ভাইরাল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে শেষ পর্যন্ত কোরবানি দেওয়া হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে মহিষটিকে ক্রেতার কাছ থেকে ফিরিয়ে এনে আবার নারায়ণগঞ্জের খামারে রাখা হয়েছে।

বুধবার (২৭ মে) এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া বক্তব্যে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, মহিষটিকে ঘিরে অতিরিক্ত জনসমাগম এবং সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কায় কেরানীগঞ্জের ক্রেতাকে টাকা ফেরত দিয়ে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। আপাতত ‘ডোনাল্ড ট্রাম্প’কে আগের মতোই খামারে লালন-পালন করা হবে।

নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্মে পালন করা ৭০০ কেজি ওজনের অ্যালবিনো মহিষটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে। সাদা লোম ও চুলের বিশেষ গঠনের কারণে অনেকের কাছে এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মনে হওয়ায় মহিষটির নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’।

ভাইরাল হওয়ার পর দূর-দূরান্ত থেকে মানুষ মহিষটি দেখতে খামারে ভিড় করেন। দেশীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও এটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।