ঈদের দ্বিতীয় দিন: চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

আনন্দময় পরিবেশে সারাদেশে উদযাপন করা হচ্ছে ঈদ-উল-আজহা। ঈদকে কেন্দ্র করে ছুটির আনন্দে মেতেছেন নগরবাসী। সকাল থেকেই পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজন নিয়ে রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে সরগম চিড়িয়াখানা এলাকা। 

চিড়িয়াখানা কর্তৃপক্ষের আশা, শুক্রবার (২৯ মে) সারাদিনে লক্ষাধিক দর্শনার্থীর আগমন ঘটবে চিড়িয়াখানায়। 

শুক্রবার ঈদ পরবর্তী দ্বিতীয় দিন ও সাপ্তাহিক ছুটির দিন জাতীয় চিড়িয়াখানা ঘুরে দেখা গেছে, সকাল ১০টার পর থেকে চিড়িয়াখানায় আসতে শুরু করেন দর্শনার্থীরা। এরপর টিকিট সংগ্রহ শেষে একে একে প্রবেশ করতে থাকেন ভেতরে। নারী-পুরুষ, শিশু- কিশোরসহ সব বয়সী মানুষের উপস্থিতিতে চিড়িয়াখানা এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়েছে। 

বিভিন্ন পশুর খাঁচার সামনে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। কেউ কেউ আবার গাছের নিচে বসে শীতল প্রকৃতির আবহাওয়া নিচ্ছেন।  

এছাড়াও কোরবানির জন্য বিক্রি হওয়া অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর সবশেষ জায়গা হয়েছে জাতীয় চিড়িয়াখানায়। আলোচিত এই মহিষটির খাঁচা ঘিরে দর্শনার্থীদের ভিড়ও লক্ষ্য করা গেছে। 

উত্তরার দিয়াবাড়ি থেকে পরিবারের তিন সদস্য নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে এসেছেন মিজান। তিনি বলেন, “বাচ্চাদের নিয়ে ঘুরতে এসেছি। প্রতিবছর ঈদের সময় ছুটিতে গ্রামে যাওয়া হয়। এবার ঢাকায় ঈদ উদযাপন করার কারণে ঘুরতে আসার সুযোগ পেয়েছি।” 

বেলা বেড়ে বিকেল নাগাদ চিড়িয়াখানায় ভিড় আরও বাড়বে বলে আশা প্রকাশ করছে কর্তৃপক্ষ।