টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে কিশোর নিখোঁজ

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঈদ ভ্রমণে এসে পানিতে পড়ে তামিম ইসলাম (১৭) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। 

শনিবার (৩০ মে) দুপুরে টাঙ্গুয়ার হাওরের পাটলাই নদীর শ্রীপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

তামিম ইসলাম ধর্মপাশা উপজেলার গলুয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্মপাশা থেকে ‘মা-বাবার দোয়া’ নামের একটি হাউসবোটে প্রায় ৬০ জন কিশোর-তরুণ শনিবার টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে আসেন। তারা টাঙ্গুয়ার হাওর এবং পার্শ্ববর্তী টেকেরঘাট এলাকা ঘুরে দেখেন। 
 
দুপুরে টেকেরঘাট থেকে ফেরার পথে হাউসবোটটি পাটলাই নদীর শ্রীপুর বাজার এলাকায় পৌঁছালে তামিম ইসলাম ছাদ থেকে পানিতে পড়ে যায়। সঙ্গে থাকা অন্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তল্লাশি চালানো হলেও বিকেল ৫টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। 

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ওই কিশোরকে উদ্ধারে সুনামগঞ্জ থেকে ডুবুরি দল খবর দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয়দের সহায়তায় নিখোঁজ কিশোরকে খুঁজে বের করার চেষ্টা চলছে।”