মুন্সিগঞ্জের শ্রীনগরে ভাড়া নিয়ে বাগ্বিতণ্ডার জেরে অটোরিকশাচালকের কিল-ঘুষিতে আবুল কালাম (৫৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যাটারিচালিত অটোরিকশার চালক জামাল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার হাসাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম হাসাড়া আনসার ক্লাব এলাকার বাসিন্দা। গ্রেপ্তার জামাল শেখ উপজেলার লস্করপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে আবুল কালাম শ্বশুরবাড়িতে দাওয়াত খেয়ে চালতিপাড়া এলাকা থেকে জামাল শেখের অটোরিকশায় করে হাসাড়া বাজারে আসেন। গন্তব্যে পৌঁছানোর পর ভাড়া নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে কথা-কাটাকাটির সময় জামাল শেখ আবুল কালামকে কিল-ঘুষি মারেন। এতে তিনি রাস্তার ওপর লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত চালককে আটক করে শ্রীনগর থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত জামাল শেখকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।