বিসিবির নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ এবং নির্বাচন স্থগিত চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৩ জুন) শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।

ভোটার তালিকায় নাম না থাকায় আরমানুল ইসলাম নয়নসহ ছয়জন রিট দায়ের করেন। বিসিবির সাধারণ কাউন্সিলে ২০২৫-২৯ মেয়াদের জন্য যথাযথভাবে কাউন্সিলর হিসেবে তারা নিযুক্ত হয়েছেন বলে রিটে উল্লেখ করা হয়। রিটে নির্বাচনের তফসিল স্থগিত চাওয়া হয়।

রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী ও মো. শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। বিসিবির পক্ষে ছিলেন আইনজীবী মাহিন এম রহমান।

প্রসঙ্গত, গত ১৬ মে এক বিজ্ঞপ্তিতে বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন ২০২৬-এর তফসিল ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি অনুসারে ৭ জুন পরিচালনা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। নির্বাচন সামনে রেখে খসড়া ভোটার তালিকা ১৭ মে প্রকাশ করা হয়। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয় ১৯ মে।