বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ঘোষণা এবং ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। ৬ জন কাউন্সিলর এ রিট করেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২ জুন) হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।
গত ১৬ মে এক বিজ্ঞপ্তিতে বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৬ এর তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়। পরদিন ১৭ মে নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করে। বিসিবি নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম এর নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।
তফসিল অনুযাী, আগামী ৭ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একই দিন ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে আরও দুইজন পরিচালক অন্তর্ভুক্ত হবেন। পরে ২৫ জন পরিচালকের ভোটে বিসিবির সভাপতি নির্বাচিত হবেন।
এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) নিয়মিত তথ্য হালনাগাদ করছেন আমিনুল ইসলাম বুলবুলসহ আগের কমিটি ও সাবেক খেলোয়ারদের একটি অংশ।
জাতীয় ক্রীড়া পরিষদের তদন্তের এখতিয়ার ও বিসিবির অ্যাডহক কমিটিকে অবৈধ আখ্যা দিয়ে তদন্তের দাবি করে আসছেন তারা। ৭ জুন অনুষ্ঠেয় বিসিবির নির্বাচন নিয়েও অভিযোগ রয়েছে তাদের। এরপ্রেক্ষিতে সোমবার নির্বাচন ইস্যুতে কথা বলার জন্য আইসিসির দুই সদস্যের প্রতিনিধি দল ঢাকায় এসেছেন বলে জানা গেছে।



