ট্রাফিক পুলিশকে মারধর: নারী কর্মকর্তাসহ তিনজনের সাজা

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্যকে মারধর ও তার মোবাইল ফোন ভাঙচুরের ঘটনায় এক নারী কর্মকর্তাসহ তিনজনকে সাজা দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন অতিথি গ্রুপের কর্মকর্তা আফিয়া কনক এবং প্রতিষ্ঠানের দুই নিরাপত্তাকর্মী মো. শামসুজ্জামান ও রাজু আহম্মেদ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের বিরুদ্ধে এ রায় দেন।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, শনিবার(৬ জুন) বিকেল পৌনে ৫টার দিকে হোটেল সোনারগাঁওয়ের বহির্গমন ফটক থেকে দুটি গাড়ি প্রধান সড়কে ওঠে। সে সময় সোনারগাঁও সিগন্যালের উত্তর পাশের যানবাহনের জন্য সবুজ সংকেত চালু থাকায় দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল শামীম মিয়া গাড়ি দুটিকে পেছনে সরে যেতে নির্দেশ দেন।

অভিযোগ অনুযায়ী, গাড়িগুলো ট্রাফিক সিগন্যাল অমান্য করে সামনে এগিয়ে যায়। এ সময় গাড়ি থেকে চার থেকে পাঁচজন ব্যক্তি নেমে ট্রাফিক পুলিশকে জানান, গাড়িতে “ভিআইপি” যাত্রী রয়েছেন, তাই পেছানো সম্ভব নয়। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কনস্টেবল শামীম মিয়া গাড়ির নম্বরপ্লেটের ভিডিও ধারণ করতে গেলে আফিয়া কনক তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে রাস্তায় ছুড়ে ফেলেন। একই সঙ্গে পুলিশ সদস্যকে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পরপরই অতিথি গ্রুপের দুই নিরাপত্তাকর্মীকে আটক করে হাতিরঝিল থানায় সোপর্দ করা হয়। পরে ঘটনার মূল অভিযুক্ত আফিয়া কনকসহ তিনজনকে আদালতে হাজির করা হয়।

শুনানি ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত সড়ক পরিবহন আইনের সংশ্লিষ্ট ধারায় আফিয়া কনককে ১০ হাজার টাকা এবং রাজু আহম্মেদকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া শামসুজ্জামানকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।