Thursday, August 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

ছিনতাই করা কানের দুল গিলে ফেলল ছিনতাইকারী, বমি করিয়ে উদ্ধার করলো পুলিশ

জিজ্ঞাসাবাদে জানা যায়, ধরা পড়ার ভয়ে দুলটি গিলে ফেলেছিলেন তিনি

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০১:৩৪ এএম

রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে এক নারীর কান থেকে স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে পালানোর সময় হাতেনাতে ধরা পড়েছেন মো. সেলিম (২৮) নামে এক ছিনতাইকারী। আটকের পর তার শরীর তল্লাশি করেও দুলের হদিস মেলেনি পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, ধরা পড়ার ভয়ে দুলটি গিলে ফেলেছিলেন তিনি। শেষমেশ বমি করিয়ে তার পাকস্থলী থেকেই উদ্ধার করা হয় ছিনতাই করা স্বর্ণালংকারটি।

বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটে যাত্রাবাড়ী মোড়ে এ ঘটনা ঘটে।

ঘটনার বিষয়ে নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী। তিনি জানান, দায়িত্ব পালনের সময় এক নারীর চিৎকার শুনে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা দেখতে পান, এক ব্যক্তি ছিনতাই করে দৌড়ে পালাচ্ছেন। সঙ্গে সঙ্গে ধাওয়া করে তাকে আটক করেন তারা।

তবে আটকের পর দেহ তল্লাশিতে কোনো কানের দুল পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সেলিম স্বীকার করেন, ধরা পড়ে যাওয়ার শঙ্কায় দুলটি তিনি গিলে ফেলেছিলেন। পরে চিকিৎসকের সহায়তায় বমি করানো হলে তার পেট থেকে উদ্ধার হয় স্বর্ণের কানের দুলটি।

নিয়াজ মেহেদী আরও জানান, ঘটনার পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তি ও ভুক্তভোগী নারীকে যাত্রাবাড়ী থানায় পাঠানো হয়েছে।

   

About

Popular Links

x