রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ জুন) বিজিবির জনসংযোগ বিভাগ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রাজধানীর ধানমন্ডি, শাহবাগ, আবরার ফাহাদ এভিনিউ, বাংলামোটর, কারওয়ান বাজার, শেরেবাংলা নগর, মহাখালীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এর আগে দেশের পাঁচ জেলাতেও বিজিবি মোতায়েন করা হয়। জেলাগুলো হলো: কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার।
সোমবার সন্ধ্যায় বিজিবি সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় এসব জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সোমবার সন্ধ্যা থেকে আগামী ৩০ জুন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া দেশের অন্যান্য জেলায় প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক মোতায়েনের জন্য বিজিবি সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে বলেও জানানো হয়েছে।