Saturday, June 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

সীমান্তে পতাকা বৈঠকে আলোচনার পর বিএসএফ ওই ২০ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়

আপডেট : ২০ জুন ২০২৬, ০৬:৩০ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক তৎপরতায় বাংলাদেশে প্রবেশ করতে পারেনি তারা।

শনিবার (২০ জুন) সকালে এ তথ্য জানান বিজিবির মহানন্দা ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

তিনি জানান, শুক্রবার গভীর রাতে বিএসএফ অবৈধভাবে ২০ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে। এ সময় বিজিবির চৌকা বিওপির সদস্যরা তাৎক্ষণিকভাবে বাধা দিলে পুশ ইনের চেষ্টা ব্যর্থ হয়। অনুপ্রবেশকারী ২০ জনের মধ্যে পাঁচজন পুরুষ, ১১ জন নারী এবং চারজন শিশু ছিল। তারা শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান করতে থাকে।

বিজিবি সূত্র জানায়, এ ঘটনায় শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আলোচনার পর বিএসএফ ওই ২০ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়।

তাজুল ইসলাম চৌধুরী বলেন, “পুশ ইন ও অবৈধ প্রবেশ প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।”

   

About

Popular Links

x