বগুড়ায় একটি গাড়ি বিক্রির শোরুম ও সার্ভিসিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন।
রবিবার (২৮ জুন) দুপুরে মহানগরীর মাটিডালি এলাকায় ‘জারা কার হাউজ অ্যান্ড ই সল্যুশন’ নামের শো রুমে এ দুর্ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানের লোকজন দাবি করেছেন, কয়েকটি গাড়ি ও শোরুম পুড়ে তাদের অন্তত সাড়ে তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, মেরামতের সময় একটি গাড়ির ব্যাটারির শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে সোয়া কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয় সূত্র জানায়, গাড়ি বিক্রির শোরুম ও সার্ভিসিং সেন্টারের ভিতরে ছয়টি নতুন গাড়ি ছিল। বেলা সাড়ে ১২টার দিকে শোরুমে মেরামতের সময় একটি গাড়ির তেলের ট্যাংকিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে পুরো শোরুমে আগুন ছড়িয়ে পড়ে। ভিতরে দাহ্য পদার্থ থাকায় আগুনের তীব্রতা বৃদ্ধি পায়।
প্রথমে প্রতিষ্ঠানে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে আসে। তারা প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
মালিকপক্ষের প্রতিনিধি মনোয়ার হোসেন জানান, শোরুমে থাকা ১৮টি গাড়ির মধ্যে ছয়টিতে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত কয়েক মাস ধরে নির্মাণাধীন এ শোরুমে প্রায় দুই কোটি টাকা ব্যয় করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত গাড়ির মূল্য কমপক্ষে দেড় কোটি টাকা। তিনি দাবি করেন, সবমিলিয়ে তাদের সাড়ে তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, “খবর পাওয়ার পর দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছান। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, গাড়ির ব্যাটারি লাইনের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। এরপর জ্বালানি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।”