জামালপুরের বকশীগঞ্জে মোতালেব সরকার (৫৫) নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামে নিজ বাড়ির আঙিনায় একটি কামরাঙা গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে খাবার খেয়ে নিজ বসতঘরে ঘুমাতে যান মোতালেব সরকার। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা বাড়ির আঙিনায় একটি কামরাঙা গাছের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, “ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।“