নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কের পাশ থেকে তোশকে মোড়ানো অবস্থায় মো. মোতালেব হোসেন (৬১) নামে এক বিকাশ ব্যবসায়ী ও স্টেশনারি দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ তোশকে মুড়িয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ফতুল্লার মাসদাইর এলাকার জামতলা হাজী ব্রাদার্স রোডের এমপি গলি সংলগ্ন সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মোতালেব হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শিবপুর এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ফতুল্লার মাসদাইর গোরস্থান এলাকায় ফারুক মিয়ার জাজিরা টাওয়ারের ষষ্ঠ তলায় পরিবার নিয়ে বসবাস করছিলেন। একই সঙ্গে মাসদাইর বাজারে একটি স্টেশনারি দোকান এবং বিকাশ এজেন্টের ব্যবসা পরিচালনা করতেন।
নিহতের শ্যালক, অবসরপ্রাপ্ত সার্জেন্ট এমডি কামাল জানান, বুধবার (১ জুলাই) সকাল ৮টার দিকে মোতালেব হোসেন বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা সড়কের পাশে তোশকে মোড়ানো একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, “মরদেহটি তোশকে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বুধবারই শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং গরম পানির ছ্যাঁকা দেওয়ার আলামত পাওয়া গেছে।“
তিনি আরও জানান, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।



