রাজধানীর ডেমরা থানার সারুলিয়া এলাকা থেকে ২টি হাতবোমাসহ জুয়েল ভুঁইয়া ওরফে ‘ওস্তাদ’ নামে ‘জঙ্গি’ সংশ্লিষ্ট এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ বলছে, জুয়েল নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ‘জঙ্গি’ এবং নব্য জেএমবি‘র বোমা তৈরির সঙ্গে জড়িত নাজমুল হাসান মামুন ওরফে ‘বোমারু মামুনের’ ঘনিষ্ঠ সহযোগী।
রবিবার (১৬ আগস্ট) গোপন তথ্যের ভিত্তিতে সারুলিয়া এলাকায় অভিযান চালায় অ্যান্টিটেরোরিজম ইউনিট (এটিইউ) ও ডেমরা থানা পুলিশ। এ সময় জুয়েলকে আটক করা হয়। পরে তার কাছ থেকে বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়।
ডিএমপির ডেমরা জোনের অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার মোহসিন মাসুদ জানান, বোমারু মামুনের সহযোগী হিসেবে সন্দেহভাজন জুয়েল ওই এলাকায় অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ও অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) যৌথভাবে এ অভিযান চালায়। অভিযানে দুটি হাতে তৈরি বোমা উদ্ধার করা হয়েছে।
পুলিশ বলছে, ২০২৪ সালের ১৯ জুলাই নরসিংদী কারাগারে দাঙ্গার পর পালিয়ে যাওয়া নয়জন ‘জঙ্গি’র মধ্যে ছিলেন জুয়েল ভুঁইয়া। ছয়দিন পর ২৫ জুলাই ছাত্র আন্দোলনের সময় তিনি আবার নরসিংদী জেলা পুলিশের হাতে ধরাও পড়েন।
এরপরে, ২০২৪-এ ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন হলে সেপ্টেম্বর মাসে তিনি জামিনে বেরিয়ে আসেন।



