নওগাঁর আত্রাই উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আতিকুর রহমান সুজা (৩৮) নামে এক কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে রাজশাহীর বাগমারা উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আতিকুর রহমান সুজা আত্রাই উপজেলার মহাদিঘী গ্রামের বাসিন্দা। তিনি মহাদিঘী কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, ৩০ জুন দুপুর সাড়ে ১২টার দিকে ভুক্তভোগী শিশুটি ওষুধ নিতে মহাদিঘী কমিউনিটি ক্লিনিকে যায়। অভিযোগ অনুযায়ী, সেখানে শিশুটিকে একা পেয়ে আতিকুর রহমান তার সঙ্গে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি চিৎকার করলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যান।
ওসি আরও জানান, এ ঘটনায় ১ জুলাই ভুক্তভোগী শিশুর পরিবার আত্রাই থানায় আতিকুর রহমানকে আসামি করে ধর্ষণচেষ্টার মামলা দায়ের করে। মামলার পর থেকেই তাকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়। পরে বৃহস্পতিবার সকালে রাজশাহীর বাগমারা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে। মামলার তদন্ত চলমান রয়েছে এবং তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।



