পিরোজপুর সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪৩ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে পিরোজপুর সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এ তথ্য জানান।
তিনি বলেন, ভোররাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে কদমতলা বাজার এলাকা থেকে প্রথমে মোহাম্মদ হাসান ওরফে মেহেদী হাসান (২৭) এবং আল আমিন শেখ (২৬)কে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তেজদাসকাঠি গ্রামে অভিযান চালিয়ে আলী হোসেনকে আটক করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান ও আল আমিন স্বীকার করেন, ৩০ হাজার টাকার বিনিময়ে তারা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি আলী হোসেনের কাছে বিক্রি করেছিলেন। পরে আলী হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ঘটনায় পিরোজপুর সদর থানার উপপরিদর্শক রাধা রমণ ভৌমিক অস্ত্র আইনে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার আলী হোসেনের বিরুদ্ধে খুলনার দিঘলিয়া থানায় চুরি ও চোরাই মালামাল সংক্রান্ত দুটি মামলা রয়েছে। এছাড়া আল আমিন শেখের বিরুদ্ধে পিরোজপুর সদর থানা ও গাজীপুরের টঙ্গী পূর্ব থানায় হত্যাচেষ্টা, অপহরণ, গুরুতর আঘাত এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে তিনটি মামলা বিচারাধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির উৎস এবং এগুলো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।