বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার নতুন বাজার এলাকায় সালমা বেগম (৬৫) নামে এক ভবঘুরে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুরে সান্তাহার নতুন বাজারের হাটখোলা কাঁচাবাজারের শেডের নিচে তাকে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সালমা বেগম নোয়াখালী সদর উপজেলার আনন্দনগর এলাকার বাসিন্দা। গত কিছুদিন ধরে তিনি সান্তাহার নতুন বাজার হাটখোলা এলাকায় ভবঘুরের মতো ঘোরাফেরা করতেন। রাতের বেলা বাজারের কাঁচাবাজারের শেডে ঘুমাতেন এবং স্থানীয় ব্যবসায়ীরা প্রায়ই তাকে খাবার দিয়ে সহায়তা করতেন। শারীরিকভাবে অসুস্থ থাকায় তিনি খুব কম কথা বলতেন।
সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন জানান, ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের মাধ্যমে নিহত নারীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তারা এলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারণে মৃত্যুর ধারণা করা হলেও বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।