নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজ হওয়ার ছয় দিন পর একটি ডোবা থেকে মাছুম রানা নামে এক অটোরিকশাচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার তালতলা এলাকার একটি ডোবায় মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যরা মরদেহটি মাছুম রানার বলে শনাক্ত করেন।
নিহত মাছুম রানা উপজেলার সোনাচরা এলাকার বাসিন্দা। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন।
মাছুমের স্ত্রী সুমা আক্তার জানান, সোমবার বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তর স্বামী নিখোঁজ ছিলেন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
তিনি অভিযোগ করেন, পূর্বশত্রুতার জেরে কয়েকজন ব্যক্তি মাছুমকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে মোটরসাইকেলে তুলে অপহরণ করে কুপিয়ে হত্যা করা হয় এবং মরদেহ ডোবায় ফেলে রাখা হয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
বন্দর থানার উপপরিদর্শক (এসআই) রাজীব হোসেন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।“
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।



