নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের কর্মকর্তাসহ ৪ জন। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া হামলাকারী আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
শনিবার (৪ জুলাই) দুপুরে সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান, কনস্টেবল শাহীন ও সোর্স মাসুম। আর গ্রেপ্তারকৃতরা হলেন- সাগর ও তার ভাই সজল।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) দীপংকর ঘোষ বলেন, “আসামি ধরতে গেলে পুলিশের উপরে হামলা চালানো হয়। এতে ২ জন পুলিশ আহত হয়েছে। তবে আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, “এ ঘটনায় পুলিশের এসআই সুরুজ্জামান ও কনস্টেবল শাহীন আহত হয়েছে। পুলিশের ৩ জন নয়, ২ জন আহত হয়েছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত আসামি সাগরকে গ্রেপ্তার করার উদ্দেশ্যে অভিযান পরিচালনা করেন এসআই সুরুজ্জামানসহ পুলিশ সদস্যরা। এ সময় সোনারগাঁয়ে বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় পৌছলে আসামি সাগর টের পেয়ে যান। পরে আসামি সাগর ও তার ভাই সজল অতর্কিতভাবে দা নিয়ে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের এলোপাতাড়ি কোপে পুলিশসহ ৪ জন গুরুতর আহত হন।
পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আর গুরুতর আহত অবস্থায় সোর্স মাসুম মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।



