টাঙ্গাইলের সখীপুর উপজেলায় গেম খেলার জন্য মোবাইল ফোন ব্যবহার করতে না দেওয়ার মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় উপজেলায় এ ঘটনা ঘটে। নিহত ওই শিশুটি প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে গেম খেলার জন্য শিশুটি তার মায়ের কাছে মোবাইল ফোন চায়। মোবাইল ফোন ব্যবহার করতে না দেওয়ার অভিমান করে ঘরের জানালার গ্রিলে ফাঁস তৈরি করে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ ঘটনায় পরিবার, সহপাঠী শিক্ষক ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে শিশুটির স্কুলের প্রধান শিক্ষক বলেন, “ছাত্র হিসেবে খুবই মেধাবী ছিল সে। আজও স্কুলের ক্লাস শেষে বাড়িতে যায়।”
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি সুরতহাল করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”