বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেন থানচি ফায়ার সার্ভিসের স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার পেয়ার মোহাম্মদ।
রবিবার (২৬ জুলাই) সকালে বড়পাথরে নৌকা ডুবে যাওয়ার ঘটনাস্থল থেকে মরদেহটি ভেসে উঠে। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে বিজিবি ও ফায়ার ডিফেন্সকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
জানা গেছে, গত ২৪ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে থানচি উপজেলার বড়পাথর এলাকায় ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে গেলে ময়মনসিংহের মাসকান্দা এলাকার বাসিন্দা মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ান নিখোঁজ হন।
নিখোঁজের পরদিন ২৫ জুলাই চট্টগ্রাম থেকে আসা তিন সদস্যের ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং থানচি ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যসহ মোট আটজনের একটি উদ্ধারকারী দল অভিযান পরিচালনা করলেও তার সন্ধান মেলেনি।
আজ রবিবার সকাল সাড়ে ৭টার বিজিবির টেন্ডুমুখ ক্যাম্প সংলগ্ন নদীর ঘাটে মাহিয়ানের মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেন। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।
বর্তমানে মরদেহটি টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।