নওগাঁর পোরশায় বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, উপজেলার কাতকইল (বিলপাড়ার) গ্রামের শফিউদ্দিনের ছেলে মাহাবুর হোসেন একই গ্রামের ও মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল আজিজ।
বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার কাতকইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল আজিজের প্রতিবেশী বড় ভাই তোফায়েল আহমেদ জানান, সকালে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি কমিয়ে মাছ ধরতে গিয়েছিলেন তারা। ১০টার দিকে মাছ ধরে বাসায় নিয়ে আসে। এরপর দুপুর ১টার দিকে আবারও তারা বিলে মাছ ধরার জন্য যায়। সেখানে তারা ভুল করে বৈদ্যুতিক মোটর চালু করে রেখে এসেছিল। এরমধ্যে কোনো এক সময় বৈদ্যুতিক তার লিক হয়ে পানি বিদ্যুতায়িত হয়। পানিতে নামতেই প্রথমে মাহবুবুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে আব্দুল আজিজও বিদ্যুৎতায়িত হয়ে ঘটনাস্থলেই দুইজন মারা যান।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।