হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
সোমবার (১০ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের কাশেম মিয়া (৪৫), ইনাতগঞ্জ বাজারের ময়না মিয়া (৩০) এবং দীঘলবাক ইউনিয়নের মাওলানা মসহুদ আহমেদ (৩৪)। তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের নিয়ে ইনাতগঞ্জ বাজারে বসবাস করে আসছিলেন। এদের প্রত্যেকেই সবজি ব্যবসায়ী।
জানা গেছে, সোমবার ভোরে পিকআপভ্যানে করে নবীগঞ্জ উপজেলার দিগম্বর বাজারের উদ্দেশে রওনা হন। সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার ভরচর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাসহুদ মিয়া নিহত হন। গুরুতর আহত অবস্থায় ময়না মিয়া ও কাশেম মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, তিনি ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর গ্রামের মোস্তফা মিয়া। একইসঙ্গে পিকআপ চালক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ও শেরপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক এসআই জসিম উদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে । বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।